লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগতদের শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দীন এবং আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছান প্রমুখ।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী কয়েকজন নেতাকর্মী বলেন, ‘দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।’
শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে, যা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।’