সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মসজিদের ইমাম সেজে খ্রিষ্টধর্মের প্রচার, গ্রেপ্তার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। প্রায় আট মাস ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করা দুই ব্যক্তির বিরুদ্ধে খ্রিষ্টান ধর্মের অনুসারী হয়ে গোপনে ধর্মীয় প্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হলে দুইজনকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি প্রথম নজরে আসে হাফেজ মাওলানা শফিকুল ইসলামের। তিনি ওই দুই ইমামের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি স্থানীয় ইমাম, মসজিদ কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

মসজিদ কমিটির সহসভাপতি আইয়ুব আলী বেপারী জানান, অভিযোগের পর ইমামদের থাকার কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে খ্রিষ্টান ধর্মসংক্রান্ত বিভিন্ন লিফলেট, কাগজপত্র ও যিশুখ্রিষ্ট সম্পর্কিত বই পাওয়া যায়। এসব আলামত দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে মসজিদ কমিটির পক্ষ থেকে ভাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন— বাগেরহাট জেলার ডুবাতলা এলাকার আবুল কাশেমের ছেলে সরোয়ার হোসেন (৪৫) এবং একই জেলার মনির খা এলাকার রস্তুম আলীর ছেলে মো. হাবিব উল্লাহ (৪৫)।

এ বিষয়ে মুফতি শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার পাশের মসজিদের ইমাম হাবিবুল্লাহ আমাকে বিভিন্ন সময় বিপুল অর্থ, উন্নত দেশে ভ্রমণসহ নানা প্রলোভন দেখিয়ে খ্রিষ্টান হওয়ার প্রস্তাব দেয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করি এবং পরে স্থানীয়দের জানিয়ে তাকে হাতেনাতে ধরি।

ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম সাংবাদিকদের জানান, ভাঙ্গার মাইঝাইল এলাকার একটি মসজিদ থেকে অন্য ধর্মের প্রচারণামূলক লিফলেট ও বইসহ দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, তারা কিছু সুযোগ-সুবিধার লোভে পড়ে খ্রিষ্টান ধর্মের প্রচারে জড়িত ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102