আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
ড. শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের গুরুত্বের কথা উল্লেখ করে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং এ কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। একই দিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণফোরামের সংসদ সদস্য প্রার্থী সেলিম আকবরও বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান।
ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।