যশোরের শার্শার রাজনৈতিক অঙ্গনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
জনসভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন মেম্বারসহ ৬ জন নেতাকর্মী শার্শা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন।
যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি আস্থা ও বিশ্বাস এবং ভবিষ্যতে জামায়াত দেশ পরিচালনা করবে, এই আশায় দলে দলে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি, ইসলামী আন্দোলন ও অন্যান্য দল থেকে আরও অনেকে জামায়াতে ইসলামীতে যোগদান করবেন।’
এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম জানান, ‘জামায়াতে যোগদানকারী জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’