সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ভারত-আমেরিকার ইনসাফ বাংলার মানুষ দেখতে চায় না : চরমোনাই পীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, জামায়াত গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, ‘আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।

রেজাউল করীম বলেন, ‘পঞ্চাশ চার বছর প্রচলিত নিয়মে দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার কীভাবে নতুন করে ইনসাফভিত্তিক রাষ্ট্র চালানো সম্ভব?’

তিনি আরও বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। তারা ক্ষমতায় গেলে কোনো নীতি-আদর্শে দেশ চালাবে না। সেই নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। সেই নীতি-আদর্শে দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পর গুম হয়ে গেছে, খুন হয়েছে; এই নীতিতে তারা দেশ চালানোর চেষ্টা করছে।’

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করীম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102