সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী ভোটাধিকার হরণ নিয়ে কড়া মন্তব্য করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন। আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়।’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও ভোটাধিকার হরণের আশঙ্কার প্রতিফলন হিসেবে দেখছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। নির্বাচনি মাঠে নেমে তিনি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, তার বক্তব্যের মাধ্যমে নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ ও ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তাই উঠে এসেছে।

ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মাঝে আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এলাকায় আমার পক্ষে প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো দল বা ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি।’

তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝালকাঠি-২ আসনে বর্তমানে উৎসবমুখর পরিবেশে সব প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন এবং সহিংসতামুক্ত নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে একজন প্রার্থীর ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে কি না—তা ভেবে দেখার বিষয় বলেও মনে করছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102