জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আপনারা কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এটি নিশ্চিত করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলার ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলামের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ তারিখে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং এর মধ্য দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, ‘সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। বিগত তিন নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছে। কেন্দ্র দখল, মারামারি ও হানাহানির মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে—এ দৃশ্য তারা আর দেখতে চায় না।
আসিফ মাহমুদ বলেন, ‘ভালুকার পরিবেশ ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভালুকায় বন দখল ও নির্বিচারে বন উজাড়ের ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কলকারখানা ও শিল্পায়ন গড়ে উঠলেও স্থানীয় জনগণ ও তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন: জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খান প্রমুখ।