ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগ সব বয়সের ভোটারের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামে গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান।
এ সময় তার সঙ্গে উপস্থিত থেকে সাধারণ মানুষ ও ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। এর আগে এই আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। তবে সাংগঠনিকভাবে দলীয় প্রার্থী পরিবর্তন করে এই আসনে মাওলানা মনজুর রহমানের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। হঠাৎ প্রার্থী পরিবর্তনের কারণে নুরুজ্জামান লিটনের কর্মী-সমর্থকসহ নিজ গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়, তবে নুরুজ্জামান লিটনের উপস্থিতিতে দলীয় প্রার্থীর এই গণসংযোগ প্রাণবন্ত হয়।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে, দোয়া ও সমর্থনের পাশাপাশি “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মাওলানা মনজুর রহমান এ সময় উপস্থিত জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।’
রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির নুর আলম প্রমুখ।