‘দীর্ঘদিন ধরে বাউফলের মানুষ অবহেলার শিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবে এ জনপদ পিছিয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে প্রথমেই গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করব এবং প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নে উদ্যোগ নেব।’
তিনি আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের টাকায় কোনো লুটপাট হতে দেব না।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত দাঁড়িপাল্লা মার্কার সমাবেশে প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।
যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে চাই। বাউফলের প্রতিটি তরুণের হাতে কাজ তুলে দেওয়াই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি সবাইকে বিভেদ ভুলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদকে সম্পদে পরিণত করারসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি বাস্তবসম্মত রূপরেখা উপস্থাপন করেন।
একই সঙ্গে দুর্নীতিবিরোধী অবস্থান ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে একটি বিকল্প নেতৃত্বের ইঙ্গিত দেন। তার বক্তব্যে যুবসমাজকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কথা তুলে ধরেন।