সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছরের শিশু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে গেছে তিন বছর বয়সি এক শিশু। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিসবাহ নামের শিশুটি অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। কীভাবে সে গর্তে পড়ে গেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গর্তটি কতটা গভীর, সে সম্পর্কেও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নামে এক শিশুর মৃত্যু হয়। প্রায় ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাউজানে একই ধরনের দুর্ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102