কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং ঝিমংখালী এলাকার জেলে ইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার দুপুরে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।’
তিনি আরও জানান, ‘ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্ত এলাকায় ছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে অবস্থান করছিলেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
হোয়াইক্যংয়ের স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, ‘নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই জন পেশাদার জেলে আহত হয়েছেন।’
তিনি আরও জানান, ‘এর আগে রোহিঙ্গা বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে হানিফ নামের এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেক ঘটনায় এক শিশু শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও দুই জন জেলে আহত হয়েছেন।’
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ‘নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’