সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জ আদালতে বোমা হামলার হুমকি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের নতুন ভবনের দেওয়ালে বোমা হামলার হুমকি দিয়ে চিরকুট সাঁটানোর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সকালে চিরকুটটি নজরে আসার পর আদালত চত্বরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সময় বিচারপ্রার্থীরা নতুন ভবনের দেওয়ালে একটি সাদা কাগজ হাতে লেখা অবস্থায় সাঁটানো দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিরকুটে বড় অক্ষরে লেখা ছিল, ‘আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খোলা হবে। আর যদি খোলা হয় তাহলে বোমা মারা হবে।’ মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আদালতের নতুন ও পুরাতন ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে তদন্তে দেখা গেছে, আদালতের নতুন ভবন নির্মাণ করা হলেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সিসিটিভি না থাকায় ঠিক কখন এবং কারা এই চিরকুট দেওয়ালে সাঁটিয়েছে তা নিশ্চিত করতে পারছে না পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস জানান, ‘আমি ঘটনাস্থল ও নতুন ভবনটি পরিদর্শন করেছি। অত্যন্ত দুঃখজনক যে, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা দ্রুত সিসিটিভি স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

ওসি রবিউল আজম জানান, ‘নতুন ভবনের দেওয়ালে চিরকুট সাঁটানোর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যেহেতু কোনো ডিজিটাল ফুটেজ নেই, তাই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102