সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বরিশালে জামায়াতের হেলালসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। একই সঙ্গে বরিশাল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা আগে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে সমর্থন করবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান, এবং বরিশাল-৫ (সদর) আসন থেকে এবি পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম।

আজ সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102