বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বিদ্যালয়ের জমি উদ্ধারে কলমাকান্দায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ‘স্কুলের জমি ফেরত চাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে কলমাকান্দা-নেত্রকোণা সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা গেছে, বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার, খেলার মাঠ নিরাপদ রাখা, নতুন বহুতল ভবনের জন্য জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ, পরিচ্ছন্ন ক্যাম্পাস ও জলাশয় রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এসব দাবির কোনো সুরাহা না হওয়ায় আজ তারা রাজপথে নামতে বাধ্য হয়।

পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দেন। পরে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102