বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ঘরের ভেতর নকল সার-কীটনাশকের আস্তানা : জব্দ ৫ লাখ টাকার মালামাল, ডিলারের কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালায় সারের ব্যবসার আড়ালে বসতবাড়িতেই গড়ে তোলা হয়েছিল নকল ও ভেজাল কৃষি উপকরণের আস্তানা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সার, বিষ ও বিষাক্ত উপাদান জব্দ করেছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের লাউতাড়া গ্রামে অসাধু ব্যবসায়ী মশিয়ার রহমানের বাসভবনে এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সারের অনুমোদিত সাব-ডিলারশিপের আড়ালে দীর্ঘদিন ধরে আইনবহির্ভূতভাবে ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণ কেনাবেচায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব  জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সারের সাব-ডিলার মশিয়ার রহমানের বাড়িতে ঘেরাও  করে  বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে প্রস্তুতকৃত ভেজাল সারের বস্তা, বিভিন্ন সুপরিচিত কোম্পানির নামে নকল প্যাকেজিংয়ে মোড়কজাত করা কীটনাশক, তরল রাসায়নিকের ড্রাম এবং ওষুধ প্রক্রিয়াজাতকরণের নানা উপকরণ পাওয়া যায়। ঘরের মধ্যে মেঝে ও খাটের ওপর চারদিকে ছড়ানো-ছিটানো অবস্থায় এসব নিম্নমানের সারের প্যাকেট ও খালি বোতলের বিশাল স্তূপ প্রত্যক্ষ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র‌্যাবের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী মশিয়ার রহমান অবৈধ প্রক্রিয়ায় নিজ ঘরে এসব পণ্য মজুত ও বাজারজাতকরণের বিষয়টি স্বীকার করেন।

অভিযানের পর পরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। সারের ব্যবসা ও সাব-ডিলারশিপের সুযোগ নিয়ে কৃত্রিম ও ক্ষতিকারক কৃষি উপকরণ সরবরাহের অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে মশিয়ার রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে আদালত উপস্থিত জনসমক্ষে ও প্রশাসনের নজরদারিতে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের সব ধরনের নকল সার, রাসায়নিক ও ভেজাল কীটনাশক আগুনে পুড়িয়ে ও বিনষ্ট করার আইনি নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও মানহীন সার-কীটনাশক ব্যবহারের ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হয় এবং সাধারণ কৃষকেরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বিসিআইসি সারের ডিলার বা সাব-ডিলার হয়ে সারের মতো স্পর্শকাতর কৃষি উপকরণের সাথে প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষি ও কৃষককে বাঁচাতে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এদিকে, কৃষকদের ভেজাল ওষুধ দিয়ে ঠকানোর দায়ে  অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাবের সময়োপযোগী পদক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের এমন তাৎক্ষণিক সাজার সিদ্ধান্তে স্থানীয় সাধারণ কৃষক ও সচেতন মহলে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102