শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার ও অর্ধোহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হযরত আলী।
দীর্ঘদিন ধরে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিজেও গুরুতর অসুস্থ। এই অভাবের সংসারে রয়েছে এক শারীরিক প্রতিবন্ধী সন্তান। সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পরিবারটির ওপর নেমে আসে ঘোর অমানিশা। চরম অসহায়ত্ব ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে দিন পার করছিল তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির এই হৃদয়বিদারক ও দুর্বিষহ জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে তা আলহাজ হযরত আলীর নজরে আসে। খবর পেয়েই তিনি কালক্ষেপণ না করে রাতের অন্ধকারেই ছুটে যান সেই অসহায় পরিবারের বাড়িতে।
সেখানে গিয়ে তিনি কেবল সহমর্মিতাই প্রকাশ করেননি, বরং নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন। ঘটনাস্থলেই তিনি পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সাহায্য তুলে দেন এবং খাবার ও ওষুধসহ যাবতীয় জরুরি খরচের প্রতিশ্রুতি দেন।
তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারটি যতদিন টিকে থাকবে, প্রতি মাসে তাদের যাবতীয় প্রয়োজনীয় খরচ বহন করার পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
অসুস্থ গৃহকর্তা ও প্রতিবন্ধী সন্তানের ওষুধ এবং পুষ্টিকর খাবারের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
উপজেলা বিএনপির এই শীর্ষ নেতার এমন তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি মানবিক পদক্ষেপে স্থানীয় কামারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আলহাজ হযরত আলীর এই উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।