হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। সোমবার দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত উন্নত একটি অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালির আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোনটি শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়।
তবে ড্রোনটি ঠিক কী ধরনের মিশনে ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে মার্কিন চালকবিহীন আকাশযানের তৎপরতা ঘিরে দুই দেশের উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ঘটনা ঘটল।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক নৌ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।