যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ীতে স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করেছেন আনসার ও ভিডিপির সদস্যরা। খালটি পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়েছে। এতে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পাশের ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর মধ্যে খালে কলমিশাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে খালে নেমে পড়েন। তারা দীর্ঘ প্রায় ৫০০ ফুট খাল থেকে জলজ আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। এতে দ্রুত পানি নিষ্কাশনের পথ সচল হয়।
খাল পরিষ্কারের পর পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হওয়ায় প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে আমন ধান চাষিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কাও অনেকটা কমেছে।
এ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কৃষিবিষয়ক পরামর্শ দেন ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।
আনসার ও ভিডিপির ডিজিটাল মোতায়েন কার্যক্রম STDMS-এর আওতায় এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জনকল্যাণমূলক এসব উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের দেশসেবার মানসিকতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে গণপ্রতিরক্ষার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
স্থানীয়দের মতে, জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপির সদস্যদের এমন উদ্যোগ প্রশংসনীয়। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের এ ধরনের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ স্থানীয় মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।