সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস মেট্রোরেলের লাইনে নেমে পড়ে কিশোর, বন্ধ ছিল ট্রেন চলাচল স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর ইয়ামিন হত্যায় সরকারি খরচে আইনজীবী পাচ্ছেন ১৩ আসামি মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি ধামইরহাটে দীর্ঘদিন থেকে বন্ধ সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান হাইকমিশনের তুচ্ছ ঘটনাকে ঘিরে মারামারি, রাবিতে কেন বাড়ছে অসহিষ্ণুতা? আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, গড়ে প্রতিদিন ১৫ জনেরও বেশি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান হাইকমিশনের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় অনিয়মিত বা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করে দ্রুত সরকারি ব্যবস্থায় দেশে ফেরার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। দেশটির ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযানের মধ্যে গ্রেফতার ও পরবর্তী আইনি জটিলতা এড়াতে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম।

তিনি জানান, নথিবিহীন ও অনিয়মিত বিদেশিদের নিরাপদ এবং আইনসম্মতভাবে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার পিআরএম ২.০ চালু করেছে। কর্মসূচিটির আওতায় বাংলাদেশে ফিরতে ইচ্ছুকদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, দেশে ফেরার জন্য আবেদনকারীর বৈধ ও মেয়াদ থাকা বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট না থাকলে কিংবা এর মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ করা যাবে।

এ ছাড়া দেশে ফেরার জন্য আগে থেকেই নিশ্চিত বিমান টিকিট থাকতে হবে। নিয়ম অনুযায়ী, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের অন্তত পাঁচ দিন পর থেকে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে বিমানের যাত্রার তারিখ নির্ধারণ করতে হবে।

আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে সরাসরি উপস্থিত হতে হবে। কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। আবেদনকারীর সঙ্গে পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি এবং প্রয়োজন অনুযায়ী পুরোনো ও নতুন পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি নিশ্চিত বিমান টিকিটও দেখাতে হবে।

অবৈধ বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করে তরিকুল ইসলাম বলেন, পিআরএম ২.০-এর আবেদন প্রক্রিয়ায় কোনো দালাল বা তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ অতিরিক্ত সুবিধা বা দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে টাকা দাবি করলে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের শনাক্তে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গ্রেফতার হওয়ার আগে সরকারি প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে দেশে ফিরে যাওয়ার সুযোগ নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে হাইকমিশন।

একই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচির সর্বশেষ নিয়ম ও তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102