লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়ি বাজারে দোকানপাট ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন লাগানোর অভিযোগে সোহেল নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় রফিক উল্যার ছেলে মাদকাসক্ত সোহেল পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকানেও আগুন লাগে।
আগুনে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, মালামালসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বলেন, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের পেছনের বসতবাড়ি পুরোপুরি পুড়ে গেছে। তার দাবি, দোকানের পেছনের ঘরের সোহেল নামের এক ছেলে আগুন লাগিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সোহেল মাদকাসক্ত এবং তার অগ্নিসংযোগের কারণেই আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। রায়পুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তারা আগুনের খবর পান। স্থানীয় কারো কাছে ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় ৯৯৯-এ ফোন করার পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পরই নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সাজানো সংসার ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার , রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন ।