রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় এক যুগ পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার জন্য কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত নদীপথ নির্ধারণ করা হয়। এক কিলোমিটারের বেশি দীর্ঘ এ পথে ছোট-বড় বিভিন্ন নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে।

অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচাঁন-২, গায়ান বাড়ি, গায়ান তরী ও হাজারি তরীসহ অন্যান্য নৌকা ছিল।

দুপুরের পর থেকেই ইছামতি নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। নানা সাজে সজ্জিত নৌকা এবং মাঝি মাল্লাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। সমান তালে মাঝিদের বৈঠা চালানো এবং ‘হেইও হেইও’ ধ্বনিতে নদীর দুই পাড় মুখর হয়ে ওঠে।

স্থানীয়দের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচের আয়োজন। দূর-দূরান্ত থেকেও অনেকে ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে প্রতিযোগিতা দেখতে আসেন। আয়োজকদের দাবি, এ নৌকা বাইচ উপভোগ করতে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নৌকা বাইচের মাধ্যমে ইছামতি নদীকেন্দ্রিক গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102