বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সমানভাবে সম্পৃক্ত করতে হবে। নারীদের বাদ দিয়ে কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, আমরা নারীদের এগিয়ে নিয়ে যেতে চাই। তাদের বাদ দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক নারী একটি করে কার্ড পাবেন। ওই কার্ডে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হবে। পুরো প্রক্রিয়াটি হবে স্বচ্ছ। কালো-ধলা, হিন্দু-মুসলিম দেখে কোনো বৈষম্য করা হবে না।
মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে হবে। কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতের সুযোগ রাখা হবে না। রাষ্ট্রের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের পরিচয় নয়, তার অধিকারই প্রধান বিবেচ্য হবে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমরা তথ্য লুকাতে চাই না। বিদ্যুতের ঘাটতি আছে। তবে এ সমস্যা সাময়িক। কিছু দিনের মধ্যে বিদ্যুতের ঘাটতি ঠিক হয়ে যাবে।
৪ সেপ্টেম্বর মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, বিদ্যুৎ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন, মন্ত্রী পুত্র মিথুন রায় চৌধুরী, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক যুবদল নেতা আমিনুর রহমান, মো. মোতালেব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিককে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।