রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় নেপালের দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টিও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পর দেশটিতে উদ্ধার, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। বাংলাদেশের দেওয়া এই অর্থ দুর্গত মানুষের জরুরি প্রয়োজন, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা হিসেবে ব্যবহৃত হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এদিকে, নেপালের দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে অন্তত ১ হাজার ২৫২ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

প্রায় ২০ হাজার ঘরবাড়ি পুনর্নির্মাণের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102