রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে বদ্ধপরিকর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব ইজতেমাকে সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও সময়সূচি নিয়ে সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

টঙ্গীর মাঠ ব্যবহারে উভয় পক্ষের দাবি

ইজতেমার স্থান ও অংশগ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগ জামাতের উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্তে স্বাক্ষর হয়েছিল। সেখানে সাদপন্থী অনুসারীরা টঙ্গীর ময়দানে ইজতেমা করবেন না বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাম্প্রতিক বৈঠকে সাদপন্থী প্রতিনিধিরা ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে টঙ্গীর মাঠে ইজতেমা আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সাদপন্থীরা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর থেকে রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধান রেখে টঙ্গীর ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদের আগমন নিয়ে যা বললেন মন্ত্রী

মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, আগের সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া কেন্দ্র ও জেলাভিত্তিক সংকলিত তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধের হার কমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হওয়ার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধীদের ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা মনিটরিং ব্যবস্থা সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা বা গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও টেকসই করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৬ বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102