বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দুই দিনে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, মোবাইলের বড় চালান আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টানা অভিযানে প্রায় ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডি জানিয়েছে, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলে নজরদারির ভিত্তিতে পৃথক কয়েকটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৯৩ কার্টুন বিদেশি সিগারেট, ৩৬টি স্মার্টফোন, ৫৫০টি মোবাইল এলসিডি, ৯৫০টি মাদারবোর্ড-ডিসপ্লে, ২১ লিটার বিদেশি মদ, ১০০ গ্রাম স্বর্ণালংকার ও বিদেশি ওষুধ।

৩১ আগস্ট সৌদি আরব থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪৮১ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টুন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

 

একই দিন ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এ ছাড়া একই ব্যাগেজ থেকে ৫৫০টি মোবাইল এলসিডি এবং ৯৫০টি বাটন ফোনের মাদারবোর্ড-ডিসপ্লে উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ১৫ লাখ ৯৬ হাজার, ২২ লাখ এবং ১৪ লাখ ২৫ হাজার টাকা।

১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ-২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তার ব্যাগেজ তল্লাশি চালানো হয়। এতে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টুন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং বিদেশি ওষুধ জব্দ করা হয়। ওই চালানের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে। ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে চোরাচালান ও অবৈধ আমদানির চেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102