রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাহিনীর চলমান কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমও তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আনসার-ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় ও জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাহিনীর আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।

বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।

এ ছাড়া সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা সামনে রেখে বাহিনীকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102