বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার অন্তর্গত ৩নং পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে পরিবর্তনের নতুন বার্তা নিয়ে এসেছেন মোসা: সুইটি বেগম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই তিনটি ওয়ার্ডে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সেবার ব্রত নিয়ে মাঠপর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সুইটি বেগম, দিচ্ছেন সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও এলাকার সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ নারী-পুরুষ ও খেটে খাওয়া মানুষের মুখে মুখে এখন মোসা: সুইটি বেগমের নাম। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এলাকার মানুষের মাঝে নিজের একটি সুদৃঢ় স্থান তৈরি করে নিয়েছেন। মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সামনে আসতেই এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া দেখা গেছে।
এলাকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নকে প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন সুইটি বেগম। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি কেবল নামমাত্র কোনো পদ পাওয়ার জন্য নির্বাচনে নামিনি। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মা-বোনদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও সরকারি অন্যান্য সাহায্য-সহযোগিতা যেন কোনো স্বজনপ্রীতি বা দুর্নীতি ছাড়াই প্রতিটি প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায়—সেটি নিশ্চিত করতেই আমার এই পদক্ষেপ।”
তিনি আরও যোগ করেন, “আমাদের এলাকাকে একটি মাদকমুক্ত, আধুনিক ও সুসংগঠিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করা আমার কোনো পেশা নয়, এটা আমার হৃদয়ের টান।”
স্থানীয় প্রবীণ ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত সংরক্ষিত ওয়ার্ডগুলোতে একজন সৎ, পরিশ্রমী ও নির্ভরযোগ্য নারী নেতৃত্ব প্রয়োজন ছিল। সুইটি বেগমকে তারা সেই যোগ্য প্রার্থী হিসেবেই দেখছেন। তরুণ প্রজন্মের মধ্যেও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
নির্বাচনী মাঠ চষে বেড়ানোর পাশাপাশি উঠান বৈঠক, গণসংযোগ ও কুশল বিনিময়ের মাধ্যমে সুইটি বেগম বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। এলাকাবাসীর বিপুল সাড়া ও সমর্থন তাকে আরও অনুপ্রাণিত করছে বলে জানান তার সমর্থকরা। সাধারণ জনগণের ভালোবাসা আর সমর্থনেই তিনি আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।