সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের মাঝে শোক, আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবল বিশ্ব। অথচ সান্তা ফে-র ফুটবল অঙ্গনে শোকের আবহ। স্ট্রোকের পর প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন আর্জেন্টিনার কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান ফাজিওলি। অবাক করার বিষয়, এর মাত্র এক দিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর দ্রুত তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ করে দিয়ে চলে যান এই তরুণ ফুটবলার।

লাউতারোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের ক্লাবের প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

শুধু শোকবার্তাতেই সীমাবদ্ধ থাকেনি ক্লাব কর্তৃপক্ষ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তাহজুড়ে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও। ক্লাবের ভাষায়, ‘তার স্মরণে ও সম্মানে ক্লাবের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’

এক বছর বয়সী এক কন্যাসন্তানের জনক ফাজিওলির অসুস্থতা ছিল যেন বজ্রপাতের মতোই আকস্মিক। সেন্ট্রাল সান কার্লোসের বিপক্ষে যে ম্যাচটি তিনি খেলেছিলেন, সেখানে তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণই দেখা যায়নি।

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো এ প্রসঙ্গে বলেন, ‘সোমবার সকালে প্রথম কিছুটা অসুস্থ বোধ করে সে। অথচ রবিবারের ম্যাচে ওর মধ্যে অসুস্থতার বিন্দুমাত্র কোনো লক্ষণ ছিল না। উল্টো পরের রাউন্ডে কোয়ালিফাই করার পর পুরো স্কোয়াড আর কোচিং স্টাফদের সঙ্গে সে ভীষণ আনন্দ করেছিল, মেতেছিল জয়ের উদযাপনে।’

তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের ফুটবল অঙ্গনের খেলোয়াড় লাউতারোর জন্য গভীর শোক, যে আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার বন্ধু-বান্ধব এবং কোলন দে সান জাস্তো ক্লাব পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’

মাত্র ২২ বছর বয়সে থেমে গেল লাউতারো ফাজিওলির জীবনযাত্রা। যে ফুটবলার কয়েক দিন আগেও সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন, তাকেই এখন স্মরণ করছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102