খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও ভয়াবহ নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে নির্যাতনের শিকার ওই গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।