বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমবাহী ট্রাকের চালক মো. আনোয়ার হোসেন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকটির হেলপার মো. হৃদয় (২৫)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দুপচাঁচিয়া পৌরসভার তিশিগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত পৌনে ৩টার দিকে তিশিগাড়ি এলাকায় একটি আমবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আমবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।