সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

মোহাম্মদপুরে ৯ হত্যা, নানক-তাপসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, গত ৮ জুন এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুজনিত কারণে ট্রাইব্যুনাল একদিনের জন্য তা স্থগিত করেছিল।

মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে, মামলার বাকি আসামিদের মধ্যে কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব পলাতক রয়েছেন। তাদের মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও অনেকে রয়েছেন।

এর আগে, গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৮ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেয়। সে সময় আটক চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালায়। অভিযোগে বলা হয়, আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ এবং উপস্থিতিতে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102