‘দুর্নীতিকে না বলুন, সততার জীবন গড়ুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা উপস্থিত থেকে এ বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালাইয়ের আয়োজনে ১৫, ১৬ ও ১৭ জুন পর্যন্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ১৫ জুন প্রথম রাউন্ড, ১৬ জুন সেমিফাইনাল এবং ১৭ জুন ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হবে। দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতয় এবার অংশগ্রহণ করেছে উপজেলার ১১টি বিদ্যালয় ও মাদ্রাসা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল সম্পর্কে জানতে পারবে এবং সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।