সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেনীর সোনাগাজীতে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের ওপর কিশোর গ্যাং সদস্যদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রোববার (১৪ জুন) সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের জাফর উল্যাহর ছেলে জহিরুল আলম মারুফ লক্ষ্মীপুর রহমানিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। প্রায় দেড় মাস আগে ‘টিআর-২৬’ নামের একটি কিশোর গ্যাংয়ের হামলার ভিডিওতে নিজের ফেসবুক আইডি থেকে লাইক দেওয়াকে কেন্দ্র করে ওই গ্যাংয়ের সদস্যরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ এপ্রিল মারুফ ফুটবল খেলা দেখতে বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে যায়। সেখানে টিআর-২৬ গ্রুপের সদস্য অনয় পাটোয়ারী, স্বপ্নীল, তুরান, রাহুল, মুন্না ও হাবিব খোন্দকার শিহাবের নেতৃত্বে ১০-১২ জন কিশোর গ্যাং সদস্য তাকে জোরপূর্বক মাঠ থেকে তুলে নিয়ে যায়।

পরে তাকে তাকিয়া রোড এলাকার একটি ধানক্ষেতসংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল, কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়। এ সময় হামলার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১৩ জুন টিআর-২৬ গ্রুপের সদস্যরা হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে।

এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা জাফর উল্যাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102