পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান আশানুরূপভাবে শুরু হয়নি। মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। অন্যদিকে, একই দিনের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।
এই হোঁচটের পর সেলেসাওরা তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ২০ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপের তলানিতে থাকা হাইতি। এরপর ২৫ জুন ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
মরক্কোর সাথে ড্র করলেও নকআউটের সমীকরণ এখনো ব্রাজিলের নিজেদের হাতেই রয়েছে। পরবর্তী দুটি ম্যাচ জিততে পারলে সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে তারা।
সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ৭। গত ২০২২ বিশ্বকাপেও মাত্র ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গিয়েছিল সেলেসাওরা, তাই এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তবে পরবর্তী দুই ম্যাচ জিতলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা নিয়ে সমীকরণ রয়েছে। মরক্কো যদি তাদের বাকি দুই ম্যাচ জিতে নেয়, তবে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই হবে গ্রুপ সেরা। গোল ব্যবধান সমান হলে তখন বিবেচনা করা হবে ফেয়ার প্লে বা কার্ডের সংখ্যা।
এমনকি ব্রাজিল যদি গ্রুপের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে নাও পারে, তবুও শেষ ৩২-এ যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে চার পয়েন্ট পাওয়া তৃতীয় দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকতে হবে তাদের।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে ব্রাজিলের জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে, কারণ নকআউটের শুরুতেই তখন শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।