বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, স্বজন ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার আগে রাষ্ট্রীয় সম্মান হিসেবে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলার হেলিপ্যাডে অবতরণ করে। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়।
এ সময় দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে হেলিপ্যাড ও জানাজাস্থলে ভিড় করেন।
জানাজা শেষে তার মরদেহ ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা।