চট্টগ্রাম নগরীর ফয়স লেক চিড়িয়াখানার প্রবেশমুখের একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী।
আকবরশাহ থানা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ‘রয়েল পার্ক’ নামের আবাসিক হোটেলে ওঠেন ওই দম্পতি। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। তবে কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি হোটেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।