যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর একটি রকেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর পুরো রকেটটি একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয় এবং মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।
কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনে একটি ‘হটফায়ার টেস্ট’ বা অগ্নিপরীক্ষা চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, রকেটের পরীক্ষার সময় একটি “অস্বাভাবিক ত্রুটি” (anomaly) দেখা দেয় এবং তা থেকে বিস্ফোরণ ঘটে। ব্রেভার্ড কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এই ঘটনায় সাধারণ জনগণের জন্য কোনো হুমকি বা ঝুঁকি নেই।
বিস্ফোরণের পর ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সব কর্মী সুরক্ষিত ও নিরাপদে আছেন। বিস্ফোরণের মূল কারণ কী তা জানার জন্য এখনই উপযুক্ত সময় নয়, তবে আমরা তা খুঁজে বের করতে কাজ শুরু করেছি।
অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, আজকের দিনটি খুবই কঠিন ছিল, তবে আমাদের যা কিছু পুনর্নির্মাণ করা প্রয়োজন আমরা তা করব এবং আবারও আকাশে উড়ব। এটি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি প্রচেষ্টা।
যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রুটির সঠিক কারণ অনুসন্ধানে ব্লু অরিজিনের সাথে যৌথভাবে কাজ করছে।
নাসার (NASA) অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান এই ঘটনা প্রসঙ্গে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, মহাকাশযাত্রা অত্যন্ত নির্মম এবং নতুন ভারী রকেট উৎক্ষেপণ সক্ষমতা তৈরি করা অসাধারণ কঠিন কাজ। আমরা এই ত্রুটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং দ্রুত রকেট উৎক্ষেপণে ফিরে যেতে আমাদের অংশীদারদের সব ধরনের সহায়তা করব।
এদিকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এই পরীক্ষাটি এফএএ-এর লাইসেন্সপ্রাপ্ত কার্যক্রমের আওতাভুক্ত ছিল না এবং এর ফলে বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি।
উল্লেখ্য, এর মাত্র এক মাস আগেই ব্লু অরিজিনের নতুন রকেটটির একটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এফএএ তদন্তের নির্দেশ দিয়ে এর উড্ডয়ন স্থগিত করেছিল। সে সময় ‘নিউ গ্লেন’ রকেটের মাধ্যমে একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর চেষ্টা করা হলেও তা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে গত বছরের নভেম্বরে ব্লু অরিজিন ফ্লোরিডা থেকে সফলভাবে একটি নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ করেছিল এবং প্রথমবারের মতো এর পুনর্ব্যবহারযোগ্য বুস্টারটি সফলভাবে ল্যান্ড করাতে সক্ষম হয়েছিল। মহাকাশ গবেষণার এই অগ্রযাত্রায় রোববারের এই বিস্ফোরণকে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।