ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চলমান সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা প্রায় শেষ।
কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ তথ্য জানান। তার দাবি, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে চুক্তিটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে আলোচনা করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চুক্তির বিভিন্ন দিক ও শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সুযোগ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে সাংবাদিকদের তিনি জানান, সামরিক অভিযান আবার শুরু করার সিদ্ধান্তের খুব কাছাকাছি গিয়েও উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি সংক্ষিপ্ত হলেও তা ছিল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ।
অন্যদিকে, তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের আলোচনার সময়ও যুক্তরাষ্ট্র দু’দফা সামরিক হামলা চালিয়েছিল।