যশোরের শার্শা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি বাদিনীর শ্বশুর। মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার শ্বশুর মিজানুর রহমান গহরের বিরুদ্ধে ৯ মে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
বাদিনীর অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপারের নির্দেশে ঘটনার রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।
এর ধারাবাহিকতায় থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।