মুন্সীগঞ্জ শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্রাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মো. সোপান (২৪) ও মো. আজওয়াদ (২২) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার সোপানের দাদা প্রয়াত জহির উদ্দিন হাজীর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সোপান ওই এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ (২২) রাজধানীর মিরপুরের মো. রিপনের ছেলে। উভয়ে ব্রাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোপানের প্রতিবেশী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী বলেন, এ দিন দুপুরে ব্রাক ইউনিভার্সিটির ১৩-১৪ জন শিক্ষার্থী সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪ টার দিকে ওই শিক্ষার্থীরা বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিল। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরের ঘাটলায় গোসল করতে যায়। এক পর্যায়ে আজওয়াদ পা পিছলে ঘাটলা থেকে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। সে সাতার জানত না। এ দৃশ্য দেখে আজওয়াদকে বাঁচাতে এগিয়ে যায় সোপন। পরে তারা দুইজনই পানিতে ডুবে যায়।
ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থী রাসেল কবীর বলেন, আমরা বন্ধুরা মিলে সোপানের দাদা বাড়ির বাসভবনের ছাদে আড্ডা দিচ্ছিলাম। এসময় বাড়ির পুকুরে গোসল করতে যান দুই বন্ধু। এক পর্যায়ে আমরা দেখতে পাই তারা পানিতে তলিয়ে যাচ্ছে। এতে আমরা সকলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসি। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইউসুফ আলী সরকার বলেন, দুই শিক্ষার্থীর পানি ডুবে যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করা হয় তারা মারা যায়। দু’জনেই নাকে মুখে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। প্রাথমিক ভাবে জানা গেছে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।