ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংশোধিত বিধি অনুযায়ী, এখন থেকে নাগরিকত্বের আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর আনন্দবাজার।
২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়মটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন।
সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নতুন অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।