শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতি, মাংস যেত রাজধানীর সুপারশপে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

দীর্ঘ প্রায় এক বছর ধরে রহস্যে ঘেরা থাকা একটি ভয়ংকর গরু ডাকাতির ঘটনার অবশেষে গুরুত্বপূর্ণ রহস্য উদঘাটন করেছে বাংলাদেশ পুলিশের সলঙ্গা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে উঠে এসেছে এক ভয়াবহ সংঘবদ্ধ ডাকাতচক্রের কার্যক্রম, যারা মহাসড়কে ফিল্মি কায়দায় গরুবাহী ট্রাক ছিনতাই করে সেই গরু জবাই করে রাজধানীর বিভিন্ন অভিজাত সুপারশপে মাংস সরবরাহ করত।

ঘটনাটি ঘটে গত বছরের ১৭ এপ্রিল মাসে। সময়টা ছিল ঠিক কোরবানির ঈদের পূর্বমুহূর্তে। চট্টগ্রামের বাসিন্দা আমানুল্লাহ উত্তরবঙ্গের বিভিন্ন হাট থেকে ১৪টি ষাঁড় গরু ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। গরুগুলো একটি ট্রাকে করে বহন করা হচ্ছিল। গভীর রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের উপর পৌঁছালে সংঘবদ্ধ ডাকাতদল তাদের পূর্বপরিকল্পিত হামলা চালায়।

ডাকাতরা নিজেদের ব্যবহৃত একটি পিকআপ দিয়ে গরুবাহী ট্রাকটিকে চাপ দিয়ে গতি নিয়ন্ত্রণে আনে। এরপর তারা ট্রাকের ড্রাইভার, হেল্পার ও গরুর রাখালকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের ডাকাতদের ব্যবহৃত গাড়িতে তুলে নিয়ে যায় এবং গরুসহ পুরো ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও দীর্ঘদিন পর্যন্ত মামলার কোনো কূলকিনারা হয়নি।

এ ঘটনায় সে সময় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও আসামি গ্রেপ্তার কিংবা ডাকাতির রহস্য উদ্ঘাটন না হওয়ায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়। ন্যায়বিচার অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে।

অবশেষে সম্প্রতি সালঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মানিকগঞ্জের কুখ্যাত ডাকাত সদস্য হাসান ওরফে রিপনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পুরো ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, ওই রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় মোট ১২ জন সদস্য অংশ নিয়েছিল। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্য। পরিকল্পিতভাবে তারা গরুবাহী ট্রাক টার্গেট করত এবং সুযোগ বুঝে গভীর রাতে অভিযান চালাত।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যের দেওয়া তথ্যমতে, ডাকাতির পর গরুগুলো ঢাকার আশুলিয়া থানার এনায়েতপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে লোকচক্ষুর আড়ালে পরিচালিত এক খামারে রাতের আঁধারে গরুগুলো বিক্রি করা হয়। খামারের মালিক জিয়া নামের ব্যক্তি যিনি রাজধানীর বিভিন্ন সুপারশপ ও অভিজাত শপিংমলে মাংস সরবরাহ করতেন।

পুলিশ জানায়, কৌশলী ওই ব্যবসায়ী জিয়া দ্রুত গরুগুলো জবাই করে মাংস হিসেবে বাজারজাত করে দেয়। ফলে ডাকাতির আলামতও দ্রুত মুছে ফেলা সম্ভব হয়। রাজধানীর বিভিন্ন অভিজাত সুপারশপে সেই মাংস সরবরাহ করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় জিয়া ও তার সহযোগী আলিমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ইতোমধ্যে কুখ্যাত ডাকাত হাসান ওরফে রিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তার জবানবন্দির ভিত্তিতে ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের পরিচয় ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সলঙ্গা থানা পুলিশের এই সফল অভিযানে দীর্ঘদিনের রহস্য উন্মোচিত হওয়ায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, এই মামলার অগ্রগতি শুধু একটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন নয়, বরং মহাসড়ককেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধচক্রের ভয়ংকর নেটওয়ার্কও সামনে নিয়ে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102