ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগবিত-া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। গতকাল কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুসল্লিদের একাংশ রাস্তার ওপর নামাজ আদায়ের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিত-া ও উত্তেজনার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না।
পুলিশ জানিয়েছে, ওই মুসল্লিরা রীতিমতো পুলিশের দিকে তেড়ে আসেন এবং বলেন, ‘আমরা কিছু জানি না, রাস্তার ওপরই নমাজ পড়ব।’ এ ঘটনা ঘিরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারের ওই এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।