রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সৌদিতে ৭২০০ প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী পরিচালিত এক অভিযানে প্রায় ৭ হাজার ২০০ প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে বেশ কয়েকটি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সরকারি সেবাও স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান মূলত সেসব কোম্পানি ও এজেন্সির বিরুদ্ধে পরিচালিত হয়েছে, যাদের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, কর্মীদের নথিপত্র প্রস্তুতে ব্যর্থতা এবং অবৈধ নিয়োগ কার্যক্রমের অভিযোগ ছিল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণকারী দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা যাচাই করে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘নিতাকাত’ কর্মসূচি থেকে বাদ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ পেতে মানবসম্পদ উন্নয়ন তহবিল (হাদাফ)-এ পাঠানো।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে পরিদর্শন দলগুলো বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ সরেজমিন পরিদর্শন চালিয়েছে। এ সময় প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করা হয়।

এ ছাড়া অনলাইনে অবৈধ গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ২৩৮টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102