নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১২ মে) সকালে এই প্রাণীটিকে চারিদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক ‘হিংস্র প্রাণী’ এলাকার বিভিন্ন বাড়ির হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল এবং মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানায়, এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ।
উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে থাকে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ (যা মূলত একটি মেছো বিড়াল) সাধারণত মানুষকে আক্রমণ করে না। এরা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে এবং বিপদের আভাস পেলে পালিয়ে যায়। মেছো বাঘের খাদ্যাভ্যাসের তালিকার মধ্যে মাছ প্রধান। এ ছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে। মানুষ ভুল করে এদের বড় বাঘ ভেবে ভয় পায় এবং অকারণে মেরে ফেলে। এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি একটি বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।