রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মমতার যে প্রকল্প চালু রাখার ঘোষণা দিলেন শুভেন্দু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বন্ধ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা কোনও জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ করবে না বিজেপি সরকার। একইসঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছে নতুন মন্ত্রিসভা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ করা হবে না বলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার (১১ মে) জানিয়েছেন। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না… পশ্চিমবঙ্গে চলমান সব সুবিধাভিত্তিক প্রকল্প চালু থাকবে।’

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে সহিংসতামুক্ত ও সফল নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো এবং রাজনৈতিক সহিংসতায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি শোক প্রকাশও ছিল।

ছয়টি সিদ্ধান্তের মধ্যে আরও একটি ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তর করা।

‘অবৈধ অনুপ্রবেশ’ ঠেকানোর বিষয়টি বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু ছিল। দলটি অভিযোগ করেছিল, তৃণমূল সরকারের সময়ে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত থাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজন ভারতে ঢুকে ভোটের বিনিময়ে থেকে যাচ্ছিলেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি পশ্চিমবঙ্গ সরকার ৪৫ দিনের মধ্যে বিএসএফকে হস্তান্তর করবে। রাজ্যের জনসংখ্যার চিত্র বদলে গেছে।

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে এ দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে দেয়া হবে।’

এর আগে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে মনোনীত করে। গত মাসের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে জয় পায় বিজেপি।

গত ১৫ বছরে বড় কোনও নির্বাচনে তৃণমূলকে হারাতে না পারা বিজেপি এবার ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং রাজ্যজুড়ে ৯০ লাখ ৮০ হাজার ভোটারের নাম বাদ দেয়ার বিষয়েও নির্বাচনী প্রচারে তীব্র আক্রমণ জানিয়েছিল দলটি।

তৃণমূল কংগ্রেসের সাবেক জ্যেষ্ঠ নেতা ৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী সেই প্রচারণার নেতৃত্ব দেন এবং ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পর আগের প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তোলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102