আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেগা এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রতি বিশ্বকাপের আগেই আলোচনায় উঠে আসে উদ্বোধনী অনুষ্ঠান, এবারও তার ব্যতিক্রম হয়নি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। আর সেই আয়োজনের একটিতে পারফর্ম করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি।
ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে ভারতীয় ফুটবল দলের জন্য। তবে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারতীয় সিনেমাজগতের পরিচিত মুখ নোরা ফতেহিকে। যদিও জন্মসূত্রে তিনি কানাডীয়-মরক্কান। বলিউডে অভিনয় ও নাচের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
কানাডায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ৩৪ বছর বয়সি এই তারকা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে ভারতীয় উপমহাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।
এ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপশিল্পী মাইকেল বুবলে।