বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি র‍্যাবের জালে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সোমবার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৫ মে) পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কাজলকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কাজলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৬) ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় চলে গেলে আসামি কৌশলে তাকে অটোরিকশায় তুলে নেন। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কাজলসহ অজ্ঞাতপরিচয় আর চার-পাঁচজন মিলে রাতভর তাকে ধর্ষণ করে।

ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছরের মেয়েসন্তান তার সঙ্গে ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মা ও শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, অভিযুক্ত মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারদের বাড়ি নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের কান্দিউড়া গ্রামে।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102