বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন (৫৯)-কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে জখম করার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (৩ মে) রাতে হামলার শিকার আহতের ভাই, সান্তাহারের বাসিন্দা আজিজুল হক রাজা বাদী হয়ে পৌরসভা এলাকার রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে সান্তাহার রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেন
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
রেলওয়ে থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুরে সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে পৌরসভার হলুদঘর ও ইয়ার্ড কলোনি এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মামলার এজাহারভুক্ত আসামিরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার পেটে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।