স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় আগামী দলবদল মৌসুমে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের ক্লাব ছাড়ার গুঞ্জনের মাঝেই এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার নাম। সৌদি প্রো লিগের একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে কোমর বেঁধে নামছে বলে জানা গেছে।
২০২৫-২৬ মৌসুমটি রাফিনিয়ার জন্য বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কাটছে। চোটের কারণে মৌসুমের বেশ কিছু সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে মাঠে ফিরলেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
কোচ হানসি ফ্লিকের কৌশলে রাফিনিয়া এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পরিসংখ্যান বলছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গার যখন দলে থাকেন না, তখন বার্সেলোনার আক্রমণভাগ খেই হারিয়ে ফেলে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন দলবদলেই রাফিনিয়ার সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির অন্তত তিনটি নামী ক্লাব তাকে পাওয়ার দৌড়ে রয়েছে।